চট্টগ্রামে মেয়রের নেতৃত্বে অবৈধ বিলবোর্ড ও ফুটপাথে উচ্ছেদ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর ব্যস্ত চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বুধবার দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় মেয়র ডা: শাহাদাত হোসেন নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজ হাতে অপসারণ করেন।
মেয়র বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান, আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তিনি আরো জানান, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
অভিযানের সময় ফুটপাথ দখল করে ব্যবসায়িক মালামাল রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাথ থেকে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান আরো জোরদার করা হবে।