বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন মাসুদ সাঈদী

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। গতকাল চণ্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। এরপর তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।

সকালে জেলা জামায়াতের নেতাদের সাথে নিয়ে তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, ‘আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমাদের মধ্যে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি। এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন।