দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ফরিদপুর জেলা প্রশাসক
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, বাংলাদেশের ৬৪ জেলা পরিষদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ ব্যতিক্রমী কিছু করলে তার সুফল আপনারাও পাবেন, আমিও পাবো। আমি কোনো ভুল করলে সেটি ধরিয়ে দিবেন। আমি সংশোধন করে নিবো।
গত রোববার সকাল পৌনে ৯টায় প্রথম কর্মদিবসে তিনি ফরিদপুর জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নিয়োগকৃত কর্মচারী। দুর্নীতিতে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। আমাকে জেলা পরিষদের কর্মকাণ্ডে সবসময়েই পাবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন। তাকে অনুসরণ করে আমি ৯টার আগেই অফিসে এসেছি। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী- আপনারাও এটি পালন করবেন, আমরা সবাই নিয়ম মেনে চলবো।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ময়েজমঞ্জিলে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের এবং নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবর জেয়ারত করেন।