আপিলেও প্রার্থিতা বাতিল নিয়ে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থীর বক্তব্য

Printed Edition

চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডা: ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আইনি লড়াই চলমান বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। মহানগর জামায়াত নির্বাচন কমিশনের আচরণকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করেছেন। গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলেন চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানিয়েছেন, আপিলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছে এবং তাতে বিস্তারিতভাবে সাংবিধানিক ও আইনি যুক্তিতর্ক উত্থাপন করা হয়েছে। তারপরও নির্বাচন কমিশন সোমবার আপিলটি নামঞ্জুর করেছে। তিনি বলেন, আমরা আশা করেছিলাম রিটার্নিং কর্মকর্তার আদেশটি নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হবে এবং আমাদের ক্লায়েন্টের প্রার্থিতা বহাল হবে, কারণ এ আদেশটি সংবিধান এবং আরপিওর সংশ্লিষ্ট অনুচ্ছেদের ভুল ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত। মনোনয়নপত্র বাতিলাদেশটি বৈষম্যমূলকও বটে। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী বিদেশী নাগরিকত্ব সমর্পণ করার আবেদন করেই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেসব বাতিল হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে এ প্রার্থীর প্রতিও ন্যায়বিচার ও সমান আচরণ করবে বলে আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও নির্বাচন কমিশন একই ভুল করেছে, সংবিধান ও আইনের সংশ্লিষ্ট বিধানগুলোর কেবল আক্ষরিক ব্যাখ্যায় সীমাবদ্ধ থেকেছে। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করব।

বিজ্ঞপ্তিতে সবাইকে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।