‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

Printed Edition

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য নিরূপণের পাশাপাশি গ্রাহকের আস্থা পুনর্গঠনকে অগ্রাধিকার দিতেই এই আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো: আবদুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে অংশ নেন।

এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরো সুদৃঢ় করাই এমটিবির যাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি বলেন, সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক ও মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে এমটিবির দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রা ও স্থায়ী সফলতার প্রধান ভিত্তি।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা, সুবিধা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এমটিবি প্রতিশ্রুতিবদ্ধ।

‘এমটিবি টাউন হল ২০২৬’ অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের ভিত্তিতে এমটিবিয়ানদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বিজ্ঞপ্তি।