জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি আজ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু: আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ এবং বাজার এলাকার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। নগরীর পরিবেশ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযান সফল করতে মহানগরী উত্তরের সব স্তরের দলীয় জনশক্তি এবং সাধারণ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, একটি আধুনিক ও সুস্থ মহানগরী গড়তে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে।