নরসিংদীতে বাড়ি ফেরার পথে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পাশের শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন এবং সুলতানপুর গ্রামে বাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসাথে দোকান বন্ধ করে বের হই। পথে ভাইয়ের ওপর হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিল না। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সাথেই পড়ে ছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।