কুষ্টিয়ার ৪টি আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৭টি

Printed Edition
bangla-3
কুষ্টিয়ায় মনোনয়নপত্র বাছাই করছেন কর্মকর্তারা : নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সাথে ২৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চারজন স্বতন্ত্র, একজন বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং একজন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রার্থী। বাতিল স্বতন্ত্রদের মধ্যে তিনজন বিএনপির বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে।

গত রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে আসনভিত্তিক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাতিলের হিসাবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দুইজন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একজন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: নুরুজ্জামানের ভোটার সমর্থন ফরমে স্বাক্ষরের সত্যতা ও সঠিকতা না থাকা এবং অতিরিক্ত স্বাক্ষর গ্রহণের কারণে মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে জাসদের প্রার্থী গিয়াসউদ্দিনের ক্ষেত্রে ফরমে স্বাক্ষর না থাকা এবং আয়কর রিটার্ন দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়।

কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের ভোটার স্বাক্ষরের সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসারের ভোটার স্বাক্ষরের সত্যতা না থাকা এবং ২৭ জন ভোটারের নাম তালিকায় না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। একই আসনের আরেক স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শেখ সাদীর ক্ষেত্রেও ৩৮ জন ভোটারের নাম তালিকায় না থাকা, ৪৪ জনের স্বাক্ষর দ্বৈত হওয়া এবং আয়কর রিটার্ন সনদ দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খায়রুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসরের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় আইনগত কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে কুষ্টিয়ার চার আসনে বৈধ ঘোষিত ২৭ প্রার্থীর তালিকা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।