বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ : তীব্র যানজট
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেন। এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি দীর্ঘ হয়ে পড়ে, আটকা পড়ে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক।
বেলা সোয়া ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লা ইপিজেডের নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়াও দীর্ঘ দিন ধরে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, অবরোধে যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক থেকে ইপিজেড শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।