পুনরায় যাত্রা শুরু করছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন

অশ্বারোহী ক্রীড়ায় নতুন দিগন্তের প্রত্যাশা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে, যা দেশের অশ্বারোহী ক্রীড়া খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন নানা পারিপার্শ্বিক কারণে নিষ্ক্রিয় থাকার পর নতুন কাঠামো ও পরিকল্পনার মাধ্যমে পুনর্গঠিত হয়েছে।

বাংলাদেশে অশ্বারোহী ক্রীড়া দীর্ঘদিন অবহেলিত থাকলেও সাম্প্রতিক সময়ে এর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি দেশব্যাপী ঘোড়ায় চড়া ও অশ্বারোহী ক্রীড়া সংস্কৃতি বিস্তারে কাজ করবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যেও নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

এ লক্ষ্যে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব:) খন্দকার ফরিদুল আকবরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব:) খন্দকার ফরিদুল আকবর গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশে অশ্বারোহী ক্রীড়ার বিকাশে কাজ করে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এই উদ্যোগ দেশের ক্রীড়া খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংগঠনটি প্রশিক্ষণ কার্যক্রম, প্রতিযোগিতা আয়োজন, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে একটি শক্তিশালী অশ্বারোহী কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছে সংগঠনটি। সংশ্লিষ্টদের আশা, এ প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরো গর্বের সাথে তুলে ধরা সম্ভব হবে।

যোগাযোগ : হাউস-৩৬৬/৪, রোড-০৬, ডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬। ফোন: +৮৮০২৮৪১৪৩১৬ । ইমেইল : নফবয়ঁবংঃৎরধহ.ধ@মসধরষ.পড়স