পঁয়তাল্লিশে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
Printed Edition
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার মধ্যেও পড়াশোনার স্বপ্ন পূরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কাঠমিস্ত্রি নাসিমুল হক। ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
নাসিমুল হক উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি নাসিমুল ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্বও পালন করছেন তিনি।
গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় পরিবার, স্বজন ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানান।
নাসিমুল হক বলেন, সংসারের দায়িত্ব সামলাতে দিনের বেশির ভাগ সময় কাঠের আসবাবপত্র তৈরির কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। ২০০২ সালে সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে পড়াশোনা করার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি। সেই ইচ্ছা থেকেই পরে আবার ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। এসএসসি পরীক্ষায় ভালো ফল পেয়ে তিনি আনন্দিত।
তিনি বলেন, তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নিজেও পড়াশোনা চালিয়ে যেতে চান। তার মতে, বয়স পড়াশোনার পথে বাধা নয়; ইচ্ছা ও চেষ্টা থাকলে যেকোনো বয়সেই পড়াশোনা করে সফল হওয়া সম্ভব।
তিলোকী গ্রামের স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি ৪৫ বছর বয়সে পড়াশোনা করে এসএসসি পাস করা প্রশংসনীয়। তার সাফল্য এলাকার অন্যদেরও পড়াশোনায় উৎসাহিত করবে।
ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি ৪৫ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফল করা নাসিমুল হকের জন্য গর্বের বিষয়। তার এ অর্জনে তারা আনন্দিত।