অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড অর্থ পুরস্কার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে টেনিস অস্ট্রেলিয়া। মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া মওসুমের প্রথম গ্র্যান্ড স্লামটিতে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কার তহবিল ধরা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। যদিও বৃদ্ধির এই অনুপাতে সন্তুষ্ট নন সিনিয়র খোলোয়াড়রা। তাদের মতে মোট আয়ের তুলনায় এই বৃদ্ধি তেমন বেশি নয়। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই হার বাড়িয়ে অন্তত ২২ শতাংশে নেয়া হোক, যা এটিপি ও ডব্লিউটিএর যৌথ ইভেন্টগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আগামী ১৮ জানুয়ারি মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।

একক বিভাগের চ্যাম্পিয়নরা এবার পাবেন ৪.১৫ মিলিয়ন ডলার করে, যা ২০২৫ সালের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস ও জানিক সিনারের প্রাপ্ত অর্থের তুলনায় ১৯ শতাংশ বেশি। শুধু একক নয়, ডাবলসসহ সব বিভাগেই অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য ন্যূনতম ১০ শতাংশ পুরস্কার অর্থ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে।