হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ

Printed Edition

ফেনী অফিস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় পিকআপ ভ্যানে করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল মোড়, রেল গেট, মাস্টারপাড়া মোড়, লালপোল ও মহিপাল হয়ে আবার ট্রাংক রোডে এসে শেষ হয় মার্চ ফর ইনসাফ কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন- ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক ওসমান গণি রাসেল, ইনকিলাব মঞ্চের ফেনীর প্রতিনিধি মাহফুজুর রহমান, এনসিপির ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রাজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাদের চৌধুরী প্রমুখ।

বক্তব্যে ওসমান গণি রাসেল বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃত খুনিদের যেন বিচার হয়- সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নতুন করে কোনো আধিপত্যবাদকে জায়গায় দেয়া হবে না। আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের জনগণ সোচ্চার। হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন- কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়ে যাবো।’