চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ ‘আজীবন সম্মাননা’য় কনকচাঁপা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে গুরুত্বপূর্ণ পুরস্কার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এবার এই আয়োজনের ২০তম আসর অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামীকাল ৭ এপ্রিল জেলার পাঁচতারকা হোটেল মম ইন-এ বসবে জমকালো আসর, এমনটাই জানালেন এবারের আয়োজনের প্রজেক্ট ডিরেক্টর রাজু আলীম। ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সব গানের মধ্যে থেকে বাছাই করে আজীবন সম্মাননাসহ মোট ১৮টি বিভাগে এবার পুরস্কার প্রদান করা হবে। এবার আজীবন সম্মাননায় ভূষিত করা হবে বাংলাদেশের নন্দিত জনপ্রিয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী কনকচাঁপাকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজু আলীম। এবারের আয়োজনের প্রযোজনা অধিকর্তা ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বিগত কয়েক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কনকচাঁপাকে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ‘আজীবন সম্মাননায়’ ভূষিত করা হচ্ছে। ফরিদুর রেজা সাগর বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায়, তেমনি একজন প্রবীণ শিল্পীকে তার কাজে আরো উৎসাহ দেয়।’ শাইখ সিরাজ বলেন, ‘টিএমএসএস সামাজিক কাজ করে। চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এদিক থেকে আমাদের মিল রয়েছে।’ ‘আজীবন সম্মাননা’প্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘এই সময়ে এসেই আজীবন সম্মাননা প্রাপ্তিতে, আমার অনুভূতিটা আসলে মিশ্র। হঠাৎ করেই মনে হলো যে জীবনটা কী তাহলে শেষের পথে? ১৯৮৪ সালে সঙ্গীতে আমার পেশাদার জীবন শুরু হয়। সেই হিসেবে ৪২ বছরের পেশাদার সঙ্গীত জীবন।