নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
Printed Edition
নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন। চট্টগ্রামে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে গেলে ঘটনাস্থলেই আনসার সদস্য মো: আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজনকে এইচডিইউতে চিকিৎসা দেয়া হয়। অন্যান্য আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। নিহত মো: আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। বিজ্ঞপ্তি।