সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
Printed Edition
সংসদ প্রতিবেদক
দেশে বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ কর্মপরিকল্পনা অনুযায়ী পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করা হবে।
গতকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম দিনে রংপুর থেকে নির্বাচিত মো: নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দন আহমদ সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার :
সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে।
আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারা দেশে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ২০০৭ সাল থেকে ১১/০১/২০২৫ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট এক লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতা-কর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে :
গাইবান্ধা থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি মো: আব্দুল ওয়ারেছের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। তিনি বলেন, একজন শিক্ষক কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় আট হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে অবসর তহবিলে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা জমা রয়েছে। ফলে প্রায় সাত হাজার ৪১০ কোটি টাকার অর্থ ঘাটতি বিদ্যমান। তিনি আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আগস্ট ২০২৩ হতে ২১-জুন, ২০২৬ পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় তিন হাজার ১৫০ কোটি টাকার এককালীন বরাদ্দ প্রয়োজন।
নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ :
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন এবং ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।