জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণে সাড়ে ৩৫ হাজারের বেশি ওয়েবসাইট যুক্ত
Printed Edition
সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে ‘জাতীয় তথ্য বাতায়ন’-এর দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দফতর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদফতর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইটও এর আওতায় আনা হবে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: আবদুর রফিক বলেন, জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণটির কার্যকারিতা পরীক্ষা, দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষার মাধ্যমে যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার। প্রতিষ্ঠানটি এ প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিক সনদও দিয়েছে।
তিনি পোর্টালে যুক্ত সব দফতরকে নিজ নিজ দাফতরিক তথ্য নিয়মিত হালনাগাদ করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় তথ্য বাতায়নের এ নতুন সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। একই সাথে এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকারকে আরো সুদৃঢ় করবে।
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিগত দিক থেকে নতুন সংস্করণে যুক্ত হয়েছে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো। ফলে প্ল্যাটফর্মটি আরো দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। দ্রুত সার্চ, রিয়েল-টাইম হালনাগাদ ও কনটেন্ট ক্যাশিং সুবিধাও এতে রয়েছে। নিরাপত্তাব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন। সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও এসএসএল এনক্রিপশনসহ বহু পদক্ষেপ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। একই সাথে সার্ভারের আপটাইম ৯৯ শতাংশে উন্নীত হওয়ায় সেবা পাওয়া যাচ্ছে আরো নিরবচ্ছিন্নভাবে। এতে ব্যবহারকারীদের আস্থা আরো বাড়বে। বিজ্ঞপ্তি।