৭৫ কোটি মাসিক ব্যবহারকারী এখন স্পটিফাইয়ের
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
নতুন মাইলফলকে পৌঁছেছে মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। এখন তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। সম্প্রতি এক ঘোষণায় স্পটিফাই বলেছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে নতুন এই রেকর্ড করেছে তারা। আগের বছরের একই সময়ের তুলনায় তাদের ব্যবহারকারীর সংখ্যা এখন ১১ শতাংশ বেড়েছে, যা এক প্রান্তিক আগেই ছিল ৭১ কোটি।
ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে কোম্পানিটি বলেছে, স্পটিফাইয়ের ‘প্রিমিয়াম’ গ্রাহক সংখ্যাও গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এ গ্রাহক সংখ্যা ২৬ কোটি ৩০ লাখ থেকে বেড়ে এখন ২৯ কোটিতে দাঁড়িয়েছে।
সুইডিশ এ কোম্পানির প্রিমিয়াম গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় অংশ ইউরোপের (৩৬ শতাংশ) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকা (২৫ শতাংশ)। এ উন্নতির পেছনে এআইসহ বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে স্পটিফাই।
স্পটিফাইয়ের কো সিইও গুস্তাভ সোডারস্ট্রম বলেছেন, নিজেদেরকে আমরা সঙ্গীত শিল্পের গবেষণা ও উন্নয়ন বিভাগ মনে করি।
আমাদের কাজ দ্রুত নতুন প্রযুক্তিকে বোঝা ও এর সম্ভাবনাকে কাজে লাগানো, যা আমরা বারবার করে দেখিয়েছি। এআইয়ের এ বৈপ্লবিক পরিবর্তন থেকে পুরো ইন্ডাস্ট্রিই লাভবান হবে। তবে যারা দ্রুত এ পরিবর্তনকে গ্রহণ করবে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে।
২০২৫ সালের শেষদিকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মানহীন এআই গান সরিয়ে ফেলা এবং ‘শিল্পীবান্ধব এআই মিউজিক পণ্য’ আনার কথা বলেছিল স্পটিফাই। তবে এসব নিয়ে কোম্পানিটির বিস্তারিত পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।