আইআইইউসিতে নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন

প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে নৈতিক দায়িত্ববোধের সমন্বয় করতে হবে -প্রফেসর ড. সালেহ হাসান নকিব

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খ্যাতিমান বিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকিব বলেছেন, জাতি হিসেবে বাংলাদেশ জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। উদ্ভাবন, উদ্যোক্তাসুলভ মানসিকতা ও মানবসম্পদকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে সক্ষম একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্রে পরিণত হতে হবে। শুরু থেকেই শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে হবে। শুধু জ্ঞান আহরণ নয়, জ্ঞান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবন যেমন অগণিত সুযোগের দ্বার উন্মোচন করে, তেমনি এতে অনেক বিভ্রান্তি ও মনোযোগ বিচ্যুতিরও সুযোগ থাকে। নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষের সাথে আধ্যাত্মিক বিকাশের সমন্বয়, উচ্চাকাক্সক্ষার সাথে বিনয়ের ভারসাম্য, আত্মবিশ্বাসের সাথে শৃঙ্খলা এবং প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। একই সাথে প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে নৈতিক দায়িত্ববোধের সমন্বয় করতে হবে। আধুনিক শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং একই সাথে নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি করা।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির প্রোভিসি ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মো. মুহাম্মদ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আয়োজক কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম, পিএসসি (অব:), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক, ফিমেল একাডেমিক জোনের প্রধান মাহমুদা খাতুন সিদ্দিকা এবং ডিবিএ বিভাগের সহযোগী প্রফেসর ও সহকারী প্রক্টর সুলতানা আক্তার বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।