এনইসিতে আরএডিপি অনুমোদন
পাঁচ খাতে ৬০.৫৪ শতাংশ বরাদ্দ
Printed Edition
- এডিপি থেকে বাদ ৩০ হাজার কোটি টাকা
- বরাদ্দবিহীন অননুমোদিত নতুন ৮৫৬টি প্রকল্প
পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানিসহ মোট পাঁচটি খাতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ এক লাখ ২১ হাজার ১১৮ কোটি টাকা বা ৬০.৫৪ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। আর অস্থিতিশীলতাসহ নানা কারণে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা কমে গেল। কাটছাঁট করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) চলতি অর্থবছরের সংশোধিত এডিপি (আরএডিপি) বরাদ্দ দুই লাখ কোটি টাকায় নামিয়ে এনেছে। অন্য দিকে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৮৫৬টি প্রকল্প যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশী সাহায্য প্রাপ্তির সুবিধার্ধে অননুমোদিত নতুন ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এসইসি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনা সচিব শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
আরএডিপিতে মূল বরাদ্দ : এসইসি সভা শেষে দেয়া তথ্য থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিতে যে বরাদ্দ ধরা হয়েছে তার মধ্যে সরকারি তহবিল থেকে রয়েছে এক লাখ ২৮ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৭২ হাজার কোটি টাকা। ফলে মূল এডিপির তুলনায় সরকারি তহবিলের ১৬ হাজার কোটি টাকা কমছে। এ ছাড়া বৈদেশিক ঋণ থেকে কমছে ১৪ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের আট হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকার আরএডিপির আকার নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন আট হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বৈদেশিক উৎস থেকে অবশিষ্ট টাকার অর্থায়ন। ফলে স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ আরএডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
মেগা প্রকল্পে বরাদ্দ কমলো : এ দিকে পরিকল্পনা কমিশন জানায়, মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমছে মেট্রোরেল লাইন-১ (এমআরটি লাইন-১) প্রকল্পের বরাদ্দ। চলমান এডিপিতে এ প্রকল্পের আওতায় বরাদ্দ ছিল আট হাজার ৬৩১ কোটি ৪৩ লাখ টাকা; কিন্তু সংশোধিত এডিপিতে বরাদ্দ ধরা হয়েছে ৮০১ কোটি টাকা। ফলে সাত হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা বা ৯১ শতাংশ বরাদ্দ কমছে। বরাদ্দ কমার দিক থেকে দ্বিতীয় অবস্থানে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প। এটিতে চার হাজার ৬৮ কোটি টাকা বরাদ্দ থেকে দুই হাজার ৯৮৩ কোটি টাকা কাটছাঁট করে এখন ধরা হচ্ছে এক হাজার ৮৫ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৭৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে কমছে ৭৩২ কোটি ৯১ লাখ টাকা। এটিতে বরাদ্দ আছে এক হাজার ৩৯ কোটি ৩৫ লাখ টাকা। এখন সংশোধিত বরাদ্দ ধরা হয়েছে ৩০৬ কোটি ৪৪ লাখ টাকা। ফলে বরাদ্দ কমছে ৭১ শতাংশ।
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ৪২৫ কোটি টাকা থেকে ২৫৬ কোটি চার লাখ টাকা কমিয়ে সংশোধিত বরাদ্দ ধরা হচ্ছে ১৬৮ কোটি ছয় লাখ টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ কমছে ৬০ শতাংশ। এ ছাড়া মেট্রোরেল লাইন-৫ (এমআরটি লাইন-৫) প্রকল্পে এক হাজার ৪৯০ কোটি ৬৫ লাখ টাকা থেকে ৮৯৭ কোটি ৮৫ লাখ টাকা কমিয়ে সংশোধিত বরাদ্দ ধরা হচ্ছে ৫৯২ কোটি আট লাখ টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ কমছে ৬০ শতাংশ। মেট্রেরেলে লাইন-৬ (এমআরটি লাইন-৬) প্রকল্পে এক হাজার ৩৪৭ কোটি ৪৪ লাখ টাকা থেকে ৩২৩ কোটি ৯৬ লাখ টাকা কমিয়ে বরাদ্দ ধরা হচ্ছে এক হাজার ২৩ কোটি ৪৮ লাখ টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ কমছে ২৪ শতাংশ। আপগ্রেডিং অব হাটিকুমরুল-রংপুর হাইওয়ে টু চার লেন প্রকল্পে এক হাজার ৮৭২ কোটি পাঁচ লাখ টাকা থেকে ৩০৯ কোটি ৯৭ লাখ টাকা কমিয়ে বরাদ্দ ধরা হচ্ছে এক হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ কমছে ১৭ শতাংশ।
মোট প্রকল্প : সংশোধিত এডিপির সর্বমোট প্রকল্প দাঁড়াবে এক হাজার ৩৩০টি। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১০৮টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ৩৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২১টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প।
সর্বোচ্চ বরাদ্দ খাতে ৬০.৫৪ শতাংশ : আরএডিপিতেও সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতের মধ্যে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এ ছাড়া বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। পাঁচটি খাতে এক লাখ ২১ হাজার ১১৮ কোটি টাকা বা ৬০.৫৪ শতাংশ।
সর্বোচ্চ বরাদ্দ ১০ মন্ত্রণালয়/বিভাগে : অন্য দিকে আরএডিপিতেও মন্ত্রণালয়ভিত্তিক স্থানীয় সরকার বিভাগ বরাদ্দের শীর্ষে রয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়।
বরাদ্দবিহীনভাবে অননুমোদিত : আরএডিপিতে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৮৫৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বৈদেশিক সাহায্য প্রাপ্তিম সুবিধার্থে বরাদ্দবিহীন অঅনুমোদিত নতুন ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়নে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ৩৫টি। আর পিপিপি প্রকল্প ৮১টি অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া ৩০ জুন ২০২৬-এর মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৮৬টি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১৭০টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।