জবির ২ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ভিসির বরাবর স্মারকলিপি

Printed Edition
3rd-2
জবির দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শেষে ভিসির কাছে স্মারকলিপি প্রদান করা হয় : নয়া দিগন্ত

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান উদ্দিন ও মোহাম্মদ বখতিয়ার ইসামের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উক্ত বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচি শেষে তারা ভিসি অধ্যাপক ড. মো: রইছ উদ্দিন কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন।

গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। শিক্ষার্থীরা বলেন, ৪ আগস্টের ছাত্রদলের হামলায় আহত দুই শিক্ষার্থীর ওপর শুধু ক্যাম্পাসেই নয়, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

আহত শিক্ষার্থী বখতিয়ার বলেন, যখন হামলা হচ্ছিল আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকে দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: জাফর আহমেদ বাঁশ নিয়ে তেড়ে আসেন এবং আমার ওপর হামলা চালান। শিক্ষার্থী নোমানের ওপর হামলার নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ইমেল। ওই হামলায় নোমানও গুরুতর আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ভিসির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ ও সহিংসতার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন ও একাডেমিক সহায়তা প্রদান এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া নিয়ে মানববন্ধন করেছে এবং পরে প্রশাসনের সাথে দেখা করেছে। তাদের বক্তব্য আমরা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।