নির্বাচনের পর সৌজন্য ও সম্প্রীতির বার্তা মুন্সীগঞ্জ-২ আসনে রাজনীতির নতুন নজির

Printed Edition

গোলাম মঞ্জুরে মাওলা অপু লৌহজং (মুন্সীগঞ্জ)

রাজনীতিতে সৌন্দর্য ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনের বিএনপি সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী মো: মাজেদুল ইসলাম। নির্বাচন-পরবর্তী তাদের সৌজন্য সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ কার্যালয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মো: মাজেদুল ইসলাম। এ সময় ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি তারা পরস্পরকে ফুলের মালা পরিয়ে দেন এবং একসাথে মিষ্টিমুখ করেন। সৌজন্য বিনিময়ের এই মুহূর্তে নির্বাচনী এলাকা লৌহজং-টঙ্গিবাড়ীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে তারা একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকে তা প্রশংসার সাথে শেয়ার করেন। তাদের মন্তব্যে উঠে আসে- নির্বাচন প্রতিযোগিতামূলক হলেও ফল ঘোষণার পর পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা পরিণত ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক। রাজনৈতিক মতভেদ থাকলেও মনভেদ নয়- এমন বাংলাদেশই প্রত্যাশিত বলে মত দেন অনেকে।