আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডুসেনের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রায় সাত মাস জাতীয় দলের বাইরে থাকার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দণি আফ্রিকার অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন। তবে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০২৫ পর্যন্ত তিন ফরম্যাটেই নিয়মিত ছিলেন তিনি। টেস্টে ১৮ ম্যাচে ৩০-এর বেশি গড়ে ৯০৫ রান, ওয়ানডেতে ৭১ ম্যাচে ৫০-এর বেশি গড়ে ২৬৫৭ এবং টি-২০তে ৫৭ ম্যাচে ১৪০৬ রান করেন। সীমিত ওভারের ক্রিকেটে তার ধারাবাহিকতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

ওয়ানডে ক্রিকেটে দেশের ইতিহাসে অন্যতম সেরা গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন এই ব্যাটসম্যান। ছয়টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটির মাধ্যমে মিডল অর্ডারে দলের ভরসা হয়ে উঠেছিলেন তিনি।