হাওরপাড়ের ভোটাররা হ্যাঁ ভোটের গুরুত্ব বুঝেন না
Printed Edition
তৌহিদ চৌধুরী প্রদীপ হাওরাঞ্চল (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের হাওরাঞ্চলে ব্যতিক্রমী এক নির্বাচনী পরিবেশ দেখা যাচ্ছে। শহর থেকে গ্রাম- কোথাও নেই পরিচিত পোস্টার, ব্যানার কিংবা দেয়াল লিখন। ফলে ভোটের মাঠে নেই আগের মতো উত্তাপ ও উৎসবের আমেজ। অনেক ভোটারের ভাষ্য, পোস্টার না থাকায় তারা প্রার্থী ও প্রতীক চিনতে পারছেন না।
জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা মিস্টু মিয়া, রহিম আলী ও জজ মিয়া বলেন, আগে নির্বাচন এলেই পোস্টার ঘিরে আলোচনা শুরু হতো। কার পোস্টার সুন্দর, কার ছবি ভালো- এসব নিয়েই চলত গ্রামের রাজনীতি। এবার জীবনে প্রথম এমন নির্বাচন দেখছেন, যেখানে পোস্টারই নেই। একই কথা জানান পার্শ্ববর্তী গজারিয়া গ্রামের সমাজকর্মী আমির হোসেন প্রভেলসহ আরো অনেকে।
ভোটারদের অভিযোগ, প্রার্থীদের নতুন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তারা প্রায় অজ্ঞ। কৃষক রফিকুল আলম বলেন, আগে রাস্তাঘাটে পোস্টার, মিছিল দেখে বোঝা যেত কারা ভোটে দাঁড়াইছে। এখন কে কোন দলের, কোন প্রতীকের কিছুই বুঝি না। গ্রামের নারী ভোটারদের আগ্রহ আরো কমে গেছে বলেও জানান স্থানীয়রা।
সরকারের নতুন আচরণবিধি অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রচারণাকে গুরুত্ব দিয়ে পোস্টার, বিলবোর্ড ও দেয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের অনুমতি থাকলেও সে সবের প্রচারণও তেমন দেখা যাচ্ছে না।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পোস্টার নিয়ে অতীতে নানা সঙ্ঘাত হতো। সেসব বিবেচনায় আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরো বলেন, এটি একটি সাংবাদিকবান্ধব নির্বাচন এবং অপতথ্য মোকাবেলায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হাওরপাড়ে ভোটের প্রচার তাই চলছে নিঃশব্দে। পোস্টারহীন এই নির্বাচনে ভোটারদের আগ্রহ ফিরবে কি না- সেটিই এখন বড় প্রশ্ন।