রুদ্ধশ্বাস জয়ে নকআউটে নাইজেরিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে তানজানিয়ার বিপক্ষে কোনোমতে জয় পেলেও তিউনিসিয়ার বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় তিনবারের আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে। প্রচণ্ড চাপ সামলে আফ্রিকান নেশনস কাপে তিউনিশিয়াকে ৩-২ গোলে হারায় তারা। এ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সুপার ঈগলরা নকআউটে জায়গা করে নিয়েছে। এর আগে মিসর নকআউট পর্বে প্রথম দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করে।
এ দিকে সাদিও মানের গোলে হার এড়িয়েছে সেনেগাল। ১-১ গোলে ডোমেনিক কঙ্গোর সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে সাবেক চ্যাম্পয়নরা। অপর দিকে আফ্রিকান নেশনস কাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় পেয়েছে বেনিন। রাবাত স্টেডিয়ামে ইয়োহান রোচের একমাত্র গোলে বোতসোয়ানাকে হারিয়ে ইতিহাস গড়ে বেনিন।
মরক্কোর ফেস শহরে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয় দু’দল। গত পরশু ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় নাইজেরিয়া। ম্যাচের প্রথম ৩০ মিনিট পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে তিনবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা।
ভিক্টর ওসিমহেন ৪৪ মিনিট, অধিনায়ক উইলফ্রেড এনডিডি ৫০মিনিট ও আডেমোলা লুকম্যানের ৬৭ মিনিটের গোলে একসময় ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান ঈগলরা। তবে হাল না ছেড়ে শেষদিকে পাল্টা আক্রমণে খেলায় ফেরে তিউনিসিয়া। মনতাসার তালবি ৭৪ মিনিট ও আলি আবদির ৮৭ মিনিটে গোল করলে হঠাৎই ম্যাচে উত্তেজনা ফিরে আসে।
যোগ করা ৭ মিনিটের সময়ে ম্যাচ সমতায় ফেরানোর দু’টি সুযোগ পায় তিউনিসিয়া। তবে অধিনায়ক ফেরজানি সাসির হেড ও বদলি খেলোয়াড় ইসমাইল ঘারবির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে সুযোগ নষ্ট হয়।
প্রথম দু’টি গোলে অ্যাসিস্টের পর ৬৭ মিনিটে নিজেই গোল করেন লুকম্যান। ওসিমহেনের পাস থেকে বক্সে বল নিয়ন্ত্রণ করে জালে পাঠান তিনি।
তিউনিসিয়া ম্যাচে ফেরে ৭৪ মিনিটে। মেহব্রির ফ্রি-কিক থেকে হেডে গোল করেন মনতাসার তালবি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় উত্তর আফ্রিকার দেশটির কাছে। শেষ ৩ মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে তারা। ভিএআর রিভিউতে ব্রাইট স্যামুয়েলের হাতে বলের স্পর্শ পাওয়ায় স্পট কিক পায় তিউনিসিয়া, গোল করেন আলি আবদি। দুই ম্যাচ শেষে নাইজেরিয়ার পয়েন্ট ৬, তিউনিসিয়ার ৩। তানজানিয়া ও উগান্ডার পয়েন্ট ১ করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মঙ্গলবার।