পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই খায়রুল কবির খোকন
Printed Edition
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। সারা দেশে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি তাদের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিদ কার্ডসহ জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল ঊদ্যোগের ফলে জনগণের ওপর আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।
তিনি গতকাল দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকাল সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এ সময় বিএনপি সহসভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।