খুলনায় দেড় বছর পর আ’লীগ অফিসে নেতাকর্মীরা
দিনাজপুরে জয়বাংলা স্লোগানে জেলা আওয়ামী লীগ অফিস সরগরম
Printed Edition
খুলনা ব্যুরো
দেড় বছর বন্ধ ও পরিত্যক্ত থাকার পরে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটস্থ আওয়ামী লীগ অফিস খুলে সেখানে ঢুকেছেন কয়েকজন কর্মী। গতকাল বিকেলে তারা নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে দোতলায় ওঠেন। অফিসের সামনের খোলা চত্বরে মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে একটি জাতীয় পতাকা টাঙিয়ে দেন। এরপর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি পাশাপাশি রেখে মাল্যদান করেন। কিছু সময় সেখানে অবস্থান করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেøাগান দিয়ে পরে নিচে নেমে এসে তালা লাগিয়ে চলে যান।
এদিকে বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। অনেকে ছবি তুলে, কেউ কেউ লাইভে ফেসবুকে প্রচার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে সেখানে ছুটে আসেন। মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে অফিসে প্রবেশের ঘটনা ঘটে। পরিচিত মুখদের মধ্যে রাশেদ সরদার, জাহাঙ্গীর হোসেন ছিলেন। উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের শেষ লগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র-জনতা অফিসটিতে ভাঙচুর করে আগুন দিয়েছিল।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত এ ব্যাপারে বলেন, নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। দলটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ। সে সময় এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন আছে। এই নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র-জনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ার করেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, প্রায় ২০ মাস পর বন্ধ থাকায় গতকাল রোববার দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০-৫০ জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কার্যালয়ে এসে অবস্থান নেন। এ সময় তারা জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে প্রবেশ করেন। এখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা চলে যান। তারা অফিসটি অবিলম্বে সংস্কার করে এখন থেকে নিয়মিত বসবেন বলে জানান। এ সময় অফিসে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।