ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ দাবি
জনপ্রশাসনে দফায় দফায় শোডাউন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ ও নিজেদের পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দফায় দফায় শোডাউন দিয়েছে একদল কর্মকর্তা। ২৫ থেকে ৩০ জন কর্মকর্তাদের একটি গ্রুপ এসব দাবিদাওয়া নিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সকাল থেকে দফায় দফায় এ শোডাউন দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিল্পসচিব মো: ওবায়দুর রহমান এবং অতিরিক্ত সচিব মো: বাবুল মিয়ার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহসানুল হকের সাথে তার দফতরে সাক্ষাৎ করেন।
এ সময় তারা বলেন, বিগত আ’লীগ সরকারের সময় থেকে যেসব ফ্যাসিস্ট কর্মকর্তা জনপ্রশাসনের এপিডি উইংয়ে কর্মরত আছেন তাদের অপসারণ করে যোগ্যদের পদায়ন করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব ফ্যাসিস্টরা বসে আছেন তাদেরও অপসারণ করে যোগ্যদের পদায়ন করতে হবে। যোগ্যতার ভিত্তিতে বঞ্চিতদের পদোন্নতি (রিভিউ) দিতে হবে। ফ্যাসিস্টদের মধ্য থেকে কেউ যেন শপথ অনুষ্ঠানে যোগদান করতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তারা।
মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাৎকালে দুইজন অতিরিক্ত সচিবকে আজকেই সচিব পদে পদোন্নতি দিতে জনপ্রশাসন সচিবকে চাপ প্রয়োগ করা হয়। এ ছাড়াও এপিডি উইংয়ে তাদের পছন্দের একজন কর্মকর্তাকে পদায়ন ও ২৪ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি রিভিওয়ের দাবি জানানো হয় সচিবকে।
বিকেল সাড়ে ৪টায় প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের সামছুল ইসলামের নেতৃত্বে একটি গ্রুপ জনপ্রশাসন সচিবের সাথে দেখা করতে তার রুমে প্রবেশ করতে চান। এ সময় মন্ত্রণালয়ের একজন কর্মচারী সচিবের পিএস এর রুমে বসার জন্য বললে ঐ কর্মচারীকে ‘লাত্থি দিয়ে বের করে দেব’ বলে ধমক দেন। দফতরের কর্মচারীরা দুর্ব্যবহারের বিষয়টি জনপ্রশাসন সচিবকে অবহিত করলে সচিব ঐ কর্মকর্তার কাছে দুর্ব্যবহারের কারণ জানতে চান। সচিবের নিকট ঐ কর্মকর্তা দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন। এরপর সচিবের রুম থেকে বের হয়ে আবারো দফতরের কর্মচারীদের শাসান ঐ কর্মকর্তা।
এ বিষয়ে সিনিয়র সচিব মো: এহসানুল হকের বক্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।