বুলবুলের বিপক্ষে ফিক্সিংয়ের তদন্তের খবর ভিত্তিহীন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত চলছে। তবে এই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি বোর্ডের নজরে এসেছে বলে গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সে সাথে এসব তথ্য ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিসিবি।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ফিক্সিংয়ের তদন্ত করছেন আমিনুল ইসলামের বিরুদ্ধে। এমন দাবিকে ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করেছে বিসিবি। অ্যালেক্স মার্শালই জানিয়েছেন তা। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ‘আমি বিসিবি সভাপতির ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’
এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এসব কার্যক্রম বিসিবি সভাপতির সুনাম ক্ষুণœ করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে মনে করে বোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট পেজ এবং এই মিথ্যা তথ্য ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগও নিয়েছে ক্রিকেট বোর্ড। এর অংশ হিসেবে কাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো ধরনের কুৎসা ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।