চট্টগ্রাম-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সাথে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার ও আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও এ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ ঘোষণা দেন। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তারের দেয়া ১০ জন ভোটারের মধ্যে আটজনই তাদের স্বাক্ষর অস্বীকার করেন। স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা এবং খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব দলীয় মনোনয়ন ও হলফনামা জমা না দেয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষিত হয়।

এ ছাড়া তিন প্রার্থীকে তথ্যগত ঘাটতি পূরণে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সময় দেয়া হয়। তারা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের রবিউল হাসান। গণঅধিকার পরিষদের রবিউল হাসানের সমর্থকের স্বাক্ষর না থাকায় স্বাক্ষর সংগ্রহের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে।

বৈধ ঘোষিত তিন প্রার্থী হলেন- জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, বিএনপির সরওয়ার আলমগীর এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী। রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৪ জানুয়ারির পর চার দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। উল্লেখ্য, এ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯ জন।