সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ ও সুপারি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৯০ লাখ টাকা।

এ ব্যাপারে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হক নয়া দিগন্তকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়।