কক্সবাজারে সেনাপ্রধানের মতবিনিময়
পেশাদারিত্ব ও নিরপেক্ষ আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করুন
Printed Edition
কক্সবাজার অফিস
জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন।
সেনাবাহিনী প্রধান কক্সবাজারে বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে উর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ এয়ার ফোর্স বেইজ কক্সবাজারের এয়ার অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর সামরিক সচিব এবং সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।