তিন মিউচুয়াল ফান্ডে ৭৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন

১৪ ব্রোকারেজ হাউজের প্রভিশন সংরক্ষণের সময় বৃদ্ধি

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে তিনটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিটি ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। গত মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত ফান্ড তিনটি হলো- মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ডের মোট ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি পাঁচ কোটি টাকা (প্রতিটিতে ২.৫০ কোটি টাকা) প্রদান করেছে। অবশিষ্ট ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ড দু’টির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন কাজ করছে।

অন্যদিকে, সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ডের ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ২.৫০ কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২.৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে সাধারণ বিনিয়োগকারীদের থেকে। ১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন দায়িত্ব পালন করছে।

১৪ প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণের সময় বৃদ্ধি : একই সভায় পুঁজিবাজারের আরো ১৪টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের (স্টক ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংক) নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসানের (আন রিয়ালাইজড লস) বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা শর্তসাপেক্ষে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রতিষ্ঠানগুলোর জমা দেয়া কর্মপরিকল্পনা বিবেচনা করে বিএসইসি এই ছাড় দিয়েছে।

তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো : কমার্স ব্যাংক সিকিউরিটিজ, ফার ইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ, মণ্ডল সিকিউরিটিজ, এমএএইচ সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট, শাকিল রিজভী স্টক লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, এনওয়াই ট্রেডিং, মিডওয়ে সিকিউরিটিজ, আল-হাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস, রূপালী ইনভেস্টমেন্ট, এবি ইনভেস্টমেন্ট এবং এলায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

উল্লেখ্য, এর আগে পাঁচ দফায় আরো ৬০টি প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সময়সীমা শর্তসাপেক্ষে বাড়িয়েছিল কমিশন।