জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, কুষ্ঠরোগ চিকিৎসায় সংস্থাটির দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে ডা: শফিকুর রহমানকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় সংস্থাটির দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধি ও উপার্জনক্ষম করে তোলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। একইসাথে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ভবিষ্যতে আরো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংস্থাটির মানবিক কার্যক্রমে সহযোগিতারও আশ্বাস দেন ডা: শফিকুর রহমান।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহাদ মাবরুর উপস্থিত ছিলেন।