ঢাবি অধ্যাপক আতাউর রহমানের ইন্তেকাল

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাস মঙ্গলবার রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের পর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হবে।

অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত শিক্ষা সফরের কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে অবস্থান করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চেয়ারম্যান অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। বিশ^বিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সঙ্কট মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ভিসি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউটিএফের শোক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম ও সদস্যসচিব ড. শামীম হামিদী। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমলগুলোর পাশাপাশি মরহুমের শিক্ষা বিস্তারে যাবতীয় খেদমত কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচারস লিংকের (ইউটিএল) আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।