ঢাকা-২ আসন
ভোটাধিকার নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের দাবি আমানের
Printed Edition
ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অভিযোগ তুলে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান। গতকাল বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তাড়ানগর ইউনিয়নে বিএনপি অফিসে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আমান উল্লাহ আমান অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে তার প্রতিপক্ষ সহিংসতা ও বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা পুরো নির্বাচনী পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে। এ বিষয়ে তিনি প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।
তিনি বলেন, ‘এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়; এটি কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই।’ ভোটাররা যেন ভয়ভীতি, হুমকি বা কোনো ধরনের চাপ ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে জন্য সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, মদিনা সনদ অনুসরণে বাংলাদেশ চলবে এবং শরিয়াহবিরোধী কোনো আইন প্রণয়নের পক্ষে তিনি কাজ করবেন না।
এ ছাড়া কেরানীগঞ্জকে একটি আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফানি ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।