জানালেন সংস্কৃতি উপদেষ্টা
আগামীতে জব্বারের বলীখেলা হবে সরকারি পৃষ্ঠপোষকতায়
Printed Edition
আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী জব্বারের বলীখেলা। এ ছাড়া চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ আয়োজনেও যুক্ত থাকবে এই মন্ত্রণালয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, জব্বারের বলীখেলা একটি শতবর্ষী আয়োজন। এটি চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। আমরা বলীখেলা উদযাপন কমিটির সাথে কথা বলেছি। আগামী বছর থেকে জব্বারের বলীখেলা আয়োজনের সাথে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারের সাথে যুক্ত হবে। সেই সাথে নৌকাবাইচও যুক্ত হবে ক্যালেন্ডারে। এ সময় পয়লা বৈশাখে নৌকাবাইচ আয়োজন করতে কমিটিকে অনুরোধ করেন তিনি।
উপদেষ্টা আরো জানান, জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়। এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার এবং জাদুঘরের বিষয়ে সুন্দর করে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।