মানিকগঞ্জে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
Printed Edition
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বাবু মিয়া মহাদেবপুর এলাকার বাসিন্দা ও হামেদ আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হন।
এ ঘটনায় ভোটকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, ভোট দিতে এসে এভাবে তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্যে এ ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।