রাওয়ালপিন্ডিতে রিশাদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করে ১৩টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশী তারকা বোলার রিশাদ হোসেন। কিন্তু এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি প্রথমবারের আয়োজিত নিলামে রিশাদের জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এক কোটি ১০ লাখ ভিত্তিমূল্যের রিশাদের জন্য বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে। শেষপর্যন্ত তিন কোটি রুপিতে রিশাদকে কিনে নেয় রাওয়ালপিন্ডি।
রিশাদকে কিনলেও বাকি ৫২ জন বাংলাদেশীর মধ্যে এখন পর্যন্ত কাউকেই কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। দুই কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। এক কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ফাস্ট বোলার নাহিদ রানা, লিটন দাস, মেহেদী হাসান মিরাজকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউ। পিএসএলের ইতিহাসে রেকর্ড গড়েছে পাকিস্তানি পেসার নাসিম শাহ। ৮.৬৫ কোটি রুপিতে তাকে নিয়েছে রাওয়ালপিন্ডি।
পিসিবি আয়োজিত নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশী ক্রিকেটার ৫৩ জন।