ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
Printed Edition
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর চক্রের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা গেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সঙ্ঘবদ্ধ চোরচক্রটি খানপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরি করতে যায়। এ সময় তারা ট্রান্সফরমারের সাথে লাগানো শেকল ও তালা কাটার চেষ্টা করে।
ট্রান্সফরমারটি খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ওই চোর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি সামান্য দূরে সরিয়ে রেখে চক্রের অন্যরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে লাশটি পথচারীদের নজরে পড়লে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়। স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগেও পাশের এলাকার বিদ্যুতের খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।