ঈদে সবখানে সফল ইমরান

Printed Edition
bino--5
ঈদে সবখানে সফল ইমরান

বিনোদন প্রতিবেদক

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল গেল ঈদে সবখানেই সফল হয়েছেন। সিনেমার গানে, নাটকের গানে, ম্যাগাজিন অনুষ্ঠানের গানে তিনি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। নিজের গান দিয়েই তিনি এই ভালোবাসায় সিক্ত হয়েছেন। যদিও ঈদ চলে গেছে বেশ কিছু দিন হলো কিন্তু গানে গানে তারই গানের রেশ রয়ে গেছে। এবারের ঈদেও আলোচিত সিনেমাগুলো হচ্ছে- ‘দম’, ‘রাক্ষস’, ‘প্রিন্স’। এই তিনটি সিনেমায় ইমরানের কণ্ঠে তার ভক্ত শ্রোতারা উপভোগ করেছেন চারটি গান। চারটি গানই এসেছে বেশ আলোচনায়। ‘প্রিন্স’ এ শাকিব খানের লিপে ‘পরী’ গানটি এরই মধ্যে শ্রোতাপ্রিয়তায় রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। ‘রাক্ষস’ সিনেমায় সিযাম আহমেদ-এর কণ্ঠে শ্রোতারা উপভোগ করছেন ‘শুদ্ধতার প্রেম’ গানটিও। এছাড়াও শ্রোতারা উপভোগ করছেন একই ছবিতে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটিও। ‘দম’ সিনেমায় ‘কোথায় পাবো’ তারে গানটিও এই ঈদে রয়েছে আলোচনায় তুঙ্গে। আবার গেল ঈদেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের একটি গান গেয়েছেন ইমরান ও বুবলী। এই গানটিও বেশ সাড়া ফেলেছে। রুবেল হাসান পরিচালিত ‘গোলাপী’ নাটকের ‘আগুন’ গানটিও ভীষণ সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। এই গানটি গেয়েছেন ইমরান ও কনা। এই গানটিরও সুরসঙ্গীত ইমরান মাহমুদুলের। গানটির দৃশ্যায়নে নাটকে তৌসিফ মাহবুবের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন সবাই। সিনেমার গান, নাটকের গান, ম্যাগাজিন অনুষ্ঠানের গান সব মিলিয়েই ইমরান মাহমুদুল এই সময়ে রয়েছেন তুমুল আলোচনায়। সবখানেই তার গানে মুগ্ধ হচ্ছেন শ্রোতারা। একজন শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। কারণ শিল্পী তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছেন। কিন্তু সব প্লাটফরমে একযোগে কাজ করে যাওয়া ভীষণ সৌভাগ্যের ব্যাপার। অবশ্য সেক্ষেত্রে শিল্পীকেও যোগ্য হতে হয়। নিজের কণ্ঠ দিয়ে ইমরান যেমন সবার মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন সেই সাথে নিজের সুর দিয়েও তিনি শ্রোতাদের মন কেড়ে নিয়েছেন। ইমরান বলেন, ‘সিনেমার গানগুলো থেকেই সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। যেহেতু সিনেমায় আমার চারটি গান প্রকাশিত হয়েছে, তাই একেকজনের ভালোলাগা একেক গান ঘিরে। এবারের মতো সব মাধ্যমে গান প্রকাশের ঘটনা এর আগে ঘটেনি। আলহামদুলিল্লাহ সব মাধ্যমে গান প্রকাশ করেও বেশ সফল আমি, আর এটা হয়েছে শ্রোতাদের ভালোবাসার কারণেই।