নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকুন : উপদেষ্টা আদিলুর

Printed Edition
back-4
বান্দরবানে জুলাই শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান : নয়া দিগন্ত

বান্দরবান প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, গণপূর্ত, গৃহায়ন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। এদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী শক্তি আবার দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

গতকাল শুক্রবার সকালে বান্দরবানে গণভোটের প্রচার, উঠান বৈঠক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে গণভোটে অংশ নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের তৃণমূল উন্নয়ন এবং নিরাপদ পানি সংকট নিরসনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব এলাকার জীবনমান উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহিদী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: আবদুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এর আগে উপদেষ্টা চড়ুইপাড়া এলাকায় বেলুন উড়িয়ে গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচার-প্রচারণার উদ্বোধন করেন এবং পরে স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।