চট্টগ্রামের লালদীঘি ময়দানে ওসমান হাদির গায়েবানা জানাজা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেয়। জানাজা শেষে মিছিল নিয়ে নগরের নিউ মার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইবনে ওমর যায়েদ বলেন, আজকের এই জানাজা থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। সুতরাং কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায়, তাহলে বাংলার জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে, ইনশা আল্লাহ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেয়া যাবে না।