প্রধান আসামি গ্রেফতার

ফেনীতে যুবলীগ নেতা পারভেজকে সহযোগীরাই খুন করেছে ৪ জনকে আসামি করে মামলা

Printed Edition

ফেনী অফিস

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক জুবায়ের পারভেজ হত্যার প্রধান আসামি শাহাদাতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ফেনী গোয়েন্দা পুলিশের একটি দল গত শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। নয়া দিগন্তকে তিনি জানান, শাহাদাতকে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত শুক্রবার রাতের ঘটনায় তার চারটি আঙুল কাটা গেছে। শরীরে আরো আঘাতের চিহ্ন আছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সূত্র আরো জানায়, চিকিৎসাধীন অবস্থায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা পুলিশকে বলেছে। এ সময় তিনি জানিয়েছেন ভাইকে আহত করার পর ক্ষিপ্ত হয়ে পারভেজকে খুন করা হয়েছে বলে সে জানায়। ঘটনায় জড়িত অন্যরাও পারভেজের সহযোগী।

এ দিকে জুবায়ের পারভেজ হত্যার ঘটনায় তার বাবা বাদি হয়ে শনিবার রাতে শাহাদাত ছাড়াও মামুন, মনির, মাইকেলের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মো: আবু তাহের। তাদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। এরা সবাই একসময়ে পারভেজের ঘনিষ্ঠ সহযোগী ছিল। ছাত্রলীগ-যুবলীগের স্থানীয় নেতাকর্মী।

চব্বিশের ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর পারভেজ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে অন্তত ২৫টি মামলা রয়েছে। স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে পারভেজকে শুক্রবার রাতে হাত ও গলা কেটে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।