দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয় থেকে কেউ পাস করেনি
Printed Edition
রংপুর ব্যুরো
এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া রংপুর বিভাগের ১৮ বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এরমধ্যে সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানই ঠাকুরগাঁওয়ের। আর বাকি ১৩টি বিদ্যালয় অন্য সাত জেলার। এসব বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২৪ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয়ের ১৮ জন, ঘাসিপুর উচ্চবিদ্যালয়ের ১৫ জন; গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে পাঁচজন, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চবিদ্যালয়ে তিনজন; নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ জন; কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চবিদ্যালয়ের চারজন ও সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে একজন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় থেকে চারজন; লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন; দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে ১৯ জন; ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চবিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন, তাওরিগাঁ উচ্চবিদ্যালয়ের পাঁচজন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন; পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয় থেকে একজন ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নিয়েছিল।