আজ পার্বত্য চট্টগ্রামের উচ্চগতির ইন্টারনেটের মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম উদ্বোধন
Printed Edition
বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে চালু হচ্ছে উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম। এতে করে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার যেমন কমবে তেমনি পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন।
দুর্গমতা, শিক্ষক স্বল্পতা, শিক্ষক শিক্ষার্থীদের অনুপস্থিতি, অর্থনৈতিক সঙ্কটসহ নানা কারণে সমতল এলাকার থেকে পিছিয়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা। তিন পার্বত্য জেলার মধ্যে শিক্ষা ও দারিদ্রতায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবান। শিক্ষক সঙ্কটের কারণে দুর্গম এলাকার কিছু স্কুল বন্ধ হওয়ার উপক্রম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার এই দুরবস্থার কারণে পুরো শিক্ষা ব্যবস্থার ওপর পড়ছে বিরূপ প্রভাব। এই সঙ্কট নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে ই লার্নিং প্রকল্পের আওতায় দুর্গম এলাকার ১৪৯টি স্কুলে উচ্চগতির ইন্টারনেট স্টারলিং-এর মাধ্যমে চালু হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস। প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলার একটি প্রাথমিক ও ১১টি মাধ্যমিক স্কুলে এই শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে থেকে জুম মিটিং-এর মাধ্যমে (ভার্চুয়ালি) এই প্রকল্পের উদ্বোধন করবেন। পার্বত্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তুমি পার্বত্য জানাই প্রথম পর্যায়ে চারটি করে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু হবে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিংক-এর সরঞ্জাম বসানো হয়েছে। বান্দরবান শহরের বালাঘাটার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: শহীদ জানিয়েছেন শিক্ষার্থীরা এখন আগের চাইতে স্বাচ্ছন্দভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে পড়ালেখা করতে পারছে।