৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপসহকারী প্রকৌশলী
Printed Edition
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপসহকারী প্রকৌশলী দীর্ঘ ৯ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একাধিকবার ব্যাখ্যা তলব ও অফিসিয়াল চিঠি পাঠানো হলেও তার কোনো সাড়া মেলেনি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতেও বাধ্য হয়েছে।
পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে কর্তৃপরে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতির কারণে দফতরের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তার সাথে দাফতরিক বা ব্যক্তিগত কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
সড়ক বিভাগ সূত্র আরো জানায়, পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা দীর্ঘদিন ধরে নিখোঁজের মতো অবস্থায় রয়েছেন এবং দাফতরিক দায়িত্ব পালন করছেন না।
এ বিষয়ে আবুল খায়ের সুমনের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধনেননি। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।
অফিসিয়ালি বিভিন্ন সময়ে তাকে চিঠি দেয়া হয়েছে, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।