কুলাউড়া সীমান্তে নিহত যুবকের লাশ ৩৬ ঘন্টায়ও ফেরত দেয়নি ভারত

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক তারা মিয়ার (২০) লাশ ঘটনার ৩৬ ঘণ্টা পরও ফেরত দেয়নি বিএসএফ। সোমবার পর্যন্ত নিহতের লাশ ফেরতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বাংলাদেশকে। বিজিবি ও কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে তারা মিয়া আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। নিহতের পরিবার লাশ ফেরত পেতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিজিবি আলীনগর বিওপির কোম্পানি কমান্ডার জানান, লাশ ফেরত আসার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। মুরাইছড়া ক্যাম্পের কমান্ডার সাদেক জানান, বাংলাদেশী যুবক নিহত ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। নিহত যুবক ভারতীয় সীমান্তে ঢুকে পড়লেও তাকে আটক না করে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

এ দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবি দ্রুত লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে।