উদ্দেশ্য মহৎ হলে লক্ষ্য অর্জন সম্ভব : বিউবো চেয়ারম্যান
Printed Edition
সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়। উদ্দেশ্য মহৎ হলেই কেবল লক্ষ্য অর্জন সম্ভব।
সোমবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো: রেজাউল করিম। তিনি বলেন, একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে তরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সাথে সুস্থ প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।
বিশেষ অতিথি সদস্য উৎপাদন প্রকৌশলী মো: জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়িক অথবা ব্যক্তিগত স্বার্থের কারণে একটি সংগঠন নষ্ট হয়ে যায়। সুতরাং, আমাদের দাবি-দাওয়াগুলো যৌক্তিক হওয়া উচিত। সেজন্য প্রকৌশলীদের আরো অধ্যবসায়ী এবং পরিশ্রমী হতে হবে।
আরো বক্তব্য রাখেন- সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স প্রকৌশলী আ ন ম ওবায়দুল্লাহ, সদস্য বিতরণ প্রকৌশলী মো: আ: বাছির, অনুষ্ঠানের সভাপতি বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো: কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে পরিচালক আইপিপি সেল ২ এবং বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র কমিটির সদস্যসচিব প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী বলেন, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ নির্দলীয়, নিরপেক্ষ এবং সার্বজনীন সংস্থা হিসেবে বিউবোর স্বার্থ নিয়ে কাজ করবে।
‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো: আসলাম উদ্দীনকে আহ্বায়ক, পরিচালক আইপিপি সেল ২ প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমীকে সদস্যসচিব, নির্বাহী প্রকৌশলী মো: তৌফিকুর রহমানকে কোষাধ্যক্ষ এবং নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে দফতর সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।