বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগানসংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার রাত আনুমানিক ১২টার পরে জলিলকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পান তারা। বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে সুরতহাল লিপিবদ্ধ করেন।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নেয়া হয়। হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।